মৌলভীবাজার, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুর ৩৩ দিন পর লিবিয়ার ত্রিপোলীতে দুর্বৃত্তের গুলিতে নিহত আব্দুস শহীদের (৪৫) লাশ পেয়েছে স্বজনরা।
শনিবার বিকাল ৫টার দিকে শহীদের মরদেহ ঢাকা থেকে মৌলভীবাজারের সদর উপজেলার খালিশপুর গ্রামে শহীদের বাড়িতে পৌঁছায়।
ওই সময় সেখানে পরিবার ও স্বজনদের কান্নার রোল পড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকে মুর্ছা যাচ্ছিলেন শহীদের স্ত্রী দু'সন্তানের জননী রাজিয়া বেগম।
নিহতের শ্যালক জামাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদ পাঁচ বছর আগে লিবিয়া যান। সেখানে তিনি একটি ইতালিয়ান কোম্পানিতে চাকরি করতেন। ২৭ জুন কাজ শেষে বাসায় ফিরে বিশ্রাম নেওয়ার সময় বন্দুকধারীরা তার কক্ষে ঢুকে গুলি করে। এতে রক্তক্ষরণে তিনি মারা যান।
শহীদের লাশ ত্রিপোলির একটি হাসপাতালের হিমঘরে রাখা ছিলো। সেখান থেকে শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লাশ ঢাকা এসে পৌঁছায়।
এ বছরের শুরুতে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা শুরু হলে ৩৫ হাজার বাংলাদেশি ফেরত আসে। এর মধ্যে লিবিয়া ছেড়ে পালানোর সময় গ্রিস উপকূলে সাগরে ডুবে মারা যান কয়েক জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/২১০০ ঘ.
bdnews24