বান্দরবান, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ি এক পরিবারের তিন জনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে এক বাঙালি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার বেতঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা কেউ বলতে পারেনি।
নিহতরা হলেন- ওয়াংছাউ মারমা (৬৫), তার মেয়ে রামুচিং মারমা (৩৬) এবং রামুচিংয়ের ছেলে মংনুচিং (৫)।
গ্রেপ্তার মো. মুসা (২০) একই এলাকার মুসলিমপাড়ার শাহজাহান কারবারীর ছেলে।
তিন জনের হত্যার খবর নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. কামরুল আহসান সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ করলে এ হত্যাকাণ্ডের কারণ জানা যেতে পারে।
লামা পৌরসভার সাবেক মেয়র তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, খুন হওয়া পরিবারটি পাহাড়ে জুম চাষের জন্য একটি অস্থায়ী ঘর নির্মাণ করে সেখানে সপরিবারে থাকতো।
নিহত ওয়াংছাউ মারমা দুপুরে জমিতে কাজ করছিলো। ওই সময় মুসা তার কাছে গিয়ে দা'টি চেয়ে নিয়ে ওই বৃদ্ধকে কুপিয়ে হত্যা করে বলে তাজুল জানান।
এরপর বৃদ্ধের মেয়ে রামুচিং এবং মংনুচিংকে কুপিয়ে হত্যার পর পালানোর সময় মুসাকে স্থানীয়রা ধরে ফেলে বলে জানান তাজুল।
তিনি বলেন, "রামুচিং এর মেয়ে উমাচিং ঘটনা দেখে চিৎকার করে। এতে অন্য পাহাড়িরা মুসাকে আটক করে পুলিশে দেয়।"
তবে কেন এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানাতে পারেননি তাজুল।
লামা থানার ওসি মোহাম্মদ হোসেইন রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ তিনটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/২০৪০ ঘ.
bdnews24