২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে ইমগ্রেশন সম্পন্নের প্রস্তাব প্রধানমন্ত্রীর

ট্রেনে ইমিগ্রেশন সম্পন্ন করতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনে ইমিগ্রেশন সম্পন্ন করতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফররত চিদাম্বরম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে এ আহ্বান জানানো হয়। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে দেখা করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান ট্রেন সার্ভিসে [ঢাকা-কলকাতা] যাত্রাপথে ট্রেনেই (অন বোর্ড) ইমিগ্রেশনের সব কাজ সম্পন্ন করার প্রস্তাব দেন শেখ হাসিনা। চিদাম্বরম জানান, বিষয়টি তারা সক্রিয় বিবেচনায় রাখবেন। এটা [এ ধরনের অন বোর্ড ইমিগ্রেশন] সম্ভব।" প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু জানান। ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস নামে ট্রেন সার্ভিস চালু হয় ২০০৮ সালের ১৪ এপ্রিল। অবিভক্ত ভারত উপমহাদেশে কোলকাতা-গোয়ালন্দ-ঢাকা-নারায়ণগঞ্জকে সংযোগকারী ট্রেন চলাচল করতো। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র হয়। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর ভারতের সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তানের [বর্তমান বাংলাদেশ] ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে তা অপসারণেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করিম, বাংলাদেশের ভারতের রাষ্ট্রদূত ও ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আগামী সেপ্টেম্বরের বাংলাদেশ সফর সামনে রেখে ২৪ ঘণ্টার সফরে শুক্রবার রাতে ঢাকা পৌঁছান চিদাম্বরম। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ভারতীয় সীমান্ত রক্ষীদের নিরস্ত্র এবং নিরপরাধ বাংলাদেশিদের গুলি করে হত্যার বিষয়টি পুরোপুরি বন্ধে আহ্বান জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি বলেন, এসব ঘটনায় দু'দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন ঘটে না। বিকেলে দীপু মনির কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন চিদাম্বরম। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা প্রসঙ্গে দীপু মনি বলেন, সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিশেষ করে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে দু'দেশকে জোরালো ভূমিকা পালন করতে হবে। নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমানা বিরোধের সমাধান বিষয়ে দু'দেশের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন দীপু মনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২৩০২ ঘ.