ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তর বাড্ডায় একটি ভবনের পাঁচ তলায় অবস্থিত একটি প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার দুপুরে মিতা ইঞ্জিনিয়ার্স নামের এই প্রতিষ্ঠানটির ৪টি কক্ষে রাখা কম্পিউটারসহ অন্যান্য মালামাল পুড়ে যায় বলে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) অনিসুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনী প্রায় ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে নেয়।
৭৫/২ প্রগতী সরণীতে অবস্থিত রিজডেল নামের নয়তলা ভবনটির মিতা ইঞ্জিনিয়ার্সের কার্যালয় ছাড়া আর কোনো তলায় ক্ষতি হয়নি বলে জানান অনিসুল।
শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে দমকল বাহিনীর ধারণা।
বাহিনীর কন্ট্রোল রুম থেকে জানায়, আগুনে প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়েছে। রক্ষা করা গেছে প্রায় ৫০ লাখ টাকার মালামাল।
আগুনের ভয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বিসিসি চারজন কর্মচারী সামান্য আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/আরএম/পিডি/১৮০১ ঘ.
bdnews24