২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টার সফরে চিদাম্বরম ঢাকায়

ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর সামনে রেখে ২৪ ঘণ্টার সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর সামনে রেখে ২৪ ঘণ্টার সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। শুক্রবার রাত ১১টায় চিদাম্বরমকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সেখানে তাকে স্বাগত জানান। ভারতীয় হাই কমিশন জানিয়েছে, শনিবার সকাল ১১টায় সাহারা খাতুনের সঙ্গে বসবেন পি চিদাম্বরম। দুই দেশের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন দুই স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া বিকেল ৩টায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে গৃহীত যৌথ ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন মাত্রা পায়। শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ৬-৭ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার ওই সফরকে সামনে রেখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা চলতি মাসের প্রথম সপ্তাহে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন। গত মাসে সফর করেন তৎকালীন পররাষ্ট্র সচিব নিরুপমা রাও। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক অটিজম সম্মেলনে যোগ দিতে ২৫ জুলাই বাংলাদেশ ঘুরে যান ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদানের জন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেওয়া স্বাধীনতা সম্মাননা গ্রহণ করেন তার পূত্রবধূ সোনিয়া। সোনিয়ার স্বামী রাজিব গান্ধীও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২৩২৪ ঘ.