২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের তিন পক্ষের সংঘর্ষে গফরগাঁওয়ে অর্ধশতাধিক আহত

কর্মীসভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে আওয়ামী লীগের তিন পক্ষের সংঘর্ষে ১১ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 01:00 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ময়মনসিংহ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মীসভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে আওয়ামী লীগের তিন পক্ষের সংঘর্ষে ১১ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটার পাশাপাশি প্রায় ৫০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জিমনেসিয়ামে আওয়ামী লীগের কর্মীসভায় যোগ দিতে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাংসদ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেল ও পৌরসভার মেয়র কায়সার আহমদের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী শুক্রবার দুপুরে মিছিল করে গফরগাঁও রেলস্টেশনে যান। এক পর্যায়ে সেখানে নিজেদের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষ বাধে। তিন পক্ষের কর্মীরা লাঠিসোটা, রামদা, কিরিচ, চাপাতিসহ আগ্নেয়াস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালালে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটার পাশাপাশি রাবার বুলেট ছুড়তে শুরু করে। এ সময় আওয়ামী লীগ কর্মীদের ছোড়া ইটের আঘাতে ১০ পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মুক্তা (২৫), আশরাফুল (৩৭), সাবির (২০), নুরুল ইসলাম (৪০), আজাহারুল (৩৫), আকাশ (৩০), মানিক (৩৫), শরীফুল (৪৮), আলম (৩৫), মানিক সাহা (৪৫), মজিবর (৪০), বাচ্চু মিয়া (৩০), লিটন সরকার (৩৯), আব্দুল হেলিম (৩৫) ও সুরুজ (৫০)। এদের সবাই গফরগাঁওয়ের বাসিন্দা। গফরগাঁও থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনিসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপপরিদর্শক আব্বাস, নজরুল ও জ্যোতিষ, কনস্টেবল সেলিম, আলমগীর, মামুন, আনিস, হারুন ও জিআরপি নুরুল ইসলাম। ওসি ফারুক বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৮৫২ ঘ.