চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ভূখণ্ড ব্যবহার করে রহনপুর হয়ে বাংলাদেশ থেকে সারের দ্বিতীয় চালান গেছে নেপালে।
শুক্রবার রহনপুর রেল স্টেশন থেকে ২ হাজার ৪৭৮ টন সার নিয়ে দুটি ভারতীয় মালবাহী ট্রেন ভারতের সিংগাবাদ হয়ে নেপালের বীরগঞ্জের পথে রওনা হয় বলে রহনপুরের স্টেশন মাস্টার মো. শহীদুল্লাহ জানান।
বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান দেশ ট্রেডিং এ সার পরিবহন করছে।
সকাল সোয়া ৮টায় ২৮টি ওয়াগনে ১ হাজার ৬৫২ মেট্রিক টন এবং দুপুর ২টায় ১৪টি ওয়াগনে ৮২৬ মেট্রিক টন সার নিয়ে দুটি মালবাহী ট্রেন রহনপুর ছেড়ে যায়।
রহনপুর থেকে ভারতের ওয়াগন সিংগাবাদ গেলেও তা টেনে নিয়ে যায় বাংলাদেশি ইঞ্জিন। এটি সিংগাবাদ থেকে পুনরায় ফেরত আসবে বলে রেল কর্মকর্তারা জানান।
রহনপুরে দায়িত্বরত শুল্ক পরিদর্শক শহীদ খান সাংবাদিকদের জানান, মরক্কো থেকে নেপালি সংস্থা এগ্রিকালচার ইমপোর্ট করপোরেশন লিমিটেড এ সার আমদানি করেছে।
তিনি জানান, রহনপুর রেলবন্দর দিয়ে ৫০ হাজার টন সার রপ্তানির অনুমোদন রয়েছে।
এর আগে গত ১৬ জুলাই প্রথম চালানে ২ হাজার ৩৮৯ টন সার রহনপুর হয়ে নেপালে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০০ ঘ.
bdnews24