মাগুরা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, সরকার উন্নয়ন কার্যক্রম চালিয়ে গেলেও বিরোধী দল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ জন্য বিভ্রান্তি এড়াতে সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তিনি।
তথ্যমন্ত্রী বৃহহস্পতিবার মাগুরায় জেলা ছাত্রলীগ আয়োজিত এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদও যোগ দেন। তার সঙ্গে যোগ দেন জেলা ছাত্রদল নেতারাও।
আবুল কালাম আজাদ বলেন, দেশে নানা সমস্যা বিরাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
জেলা শহরের নোমানী ময়দানের এ অনুষ্ঠানে এ বছর মাগুরা জেলায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৫০ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী।
জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলতাফ হোসেন, সংসদ সদস্য ডা. এমএস আকবর, বীরেন শিকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান বাচ্চু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১০ ঘ.
bdnews24