২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘ রক্ষার অঙ্গীকার

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব বাঘ দিবস। বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিরাপদ আবাস ও প্রজনন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব বাঘ দিবস। বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিরাপদ আবাস ও প্রজনন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবার। শুক্রবার বন ও পরিবেশ মন্ত্রণালয়, বাংলাদেশ বন বিভাগ, বিশ্ব ব্যাংক, মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এবং ওয়ার্ল্ড লাইফ ট্রাস্ট অফ বাংলাদেশ (ডব্লিউটিবি) যৌথভাবে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় চিত্র প্রদর্শনী। সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান বন সংরক্ষক ইশতিয়াকউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহামুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডব্লিউটিবির প্রধান নির্বাহী ড. আনোয়ারুল ইসলাম। ড. আনোয়ার বলেন, "১০০ বছর আগেও সারা পৃথিবীতে ৯ প্রজাতির প্রায় ১ লাখ বাঘের অস্তিত্ব ছিলো। এরই মধ্যে তিনটি প্রজাতি বিলুপ্ত হয়ে এখন আছে ছয়টি। আর মোট বাঘের সংখ্যা তিন হাজারের বেশি নয়।" এর মধ্যে ভারতের মোট ৫৬টি বনে বাঘের সংখ্যা ১৭০০ এবং একক বন হিসেবে সুন্দরবনে একসঙ্গে সাড়ে চারশ'র মতো বাঘ রয়েছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী হাছান মাহামুদ বলেন, "সুন্দরবনে প্রতি ২০ কিলোমিটারে একটি করে বাঘ আছে। বাঘ বাঁচাতে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত টাইগার অ্যাকশান প্ল্যান প্রণীত হয়েছে। এছাড়া বিভন্ন পর্যায়ে একাধিক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।" জীববৈচিত্র এবং বন্যপ্রানী রক্ষায় সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে একটি অনুচ্ছেদ যুক্ত হয়েছে বলেও জানান তিনি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেজবাউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ারুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৬৪২ ঘ.