২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গুদামে আগুন, ১৩ ঘণ্টা লাগলো নেভাতে

বন্দর নগরীরর বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় একটি কাপড়ের গুদামে লাগা আগুন ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে অগ্নি নির্বাপক বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 06:59 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীরর বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় একটি কাপড়ের গুদামে লাগা আগুন ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে অগ্নি নির্বাপক বাহিনী। মালিক পক্ষের দাবি, আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ছয় কোটি টাকা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনীর ৬টি ইউনিটের ১০টি গাড়ি এবং প্রায় ৯০ জন কর্মী সারারাত কাজ করে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তা নিয়ন্ত্রণে আনে। অগ্নি নির্বাপক বাহিনীর আগ্রবাদ স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ২০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের গুদামটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। গুদামের প্রায় পুরোটা জুড়েই কাপড়ের বান্ডিল রাখা ছিলো। বাকলিয়া থানার ওসি মোস্তফা মনজুর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুদামের মালিক বনফুল অ্যান্ড কোম্পানি। ১৫ দিন আগে চার জন কাপড় ব্যবসায়ী যৌথভাবে গুদামটি ভাড়া নেয়। চার ব্যবসায়ীর মধ্যে দু'জনের পরিচয় জানাতে পেরেছে পুলিশ। এরা হলেন- আবুল কালাম আজাদ ও মোস্তফা কামাল। ওসি মোস্তফা মনজুর বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চার ব্যবসায়ীর কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে তাদের কর্মচারী ও স্বজনদের সঙ্গে কথা হয়েছে। ব্যবসায়ীদের স্বজনরা পুলিশকে বলেছেন, প্রায় সাড়ে ছয় হাজার বান্ডিল কাপড় গুদামে ছিলো, যার বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা। আমদানি করা এ সব পুরনো শীতের পোশাক, কম্বল ও কাপড়ের গাইটে এক ধরনের রাসায়নিক ছিটানো হয়। তাতে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে বলে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা জানিয়েছেন। আগুন নেভানোর সময় ফায়ারম্যান আশরাফুল ইসলাম ভুঁইয়া আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভানোর সময় রাত ২টার দিকে গুদামের পশ্চিম পাশের দেয়ালটি ভেঙে পড়ে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমআই/১২৫৫ ঘ.