২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সুতাকল কর্মকর্তাকে হত্যার অভিযোগ

সহকর্মীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নারায়ণগঞ্জের নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের পরিচালক হারুনুর রশিদের মৃত্যু হয়েছে। হারুনের পরিবার বলছে, তাকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

নারায়ণগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকর্মীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নারায়ণগঞ্জের নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের পরিচালক হারুনুর রশিদের মৃত্যু হয়েছে। হারুনের পরিবার বলছে, তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিজের কার্যালয়ে অন্য পরিচালক বাবুল মাতবরের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে লুটিয়ে পড়লে হারুনকে (৫৫) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, হারুনের মৃত্যু হয়েছে। নিউ লক্ষী নারায়ণ কটন মিল নারায়ণগঞ্জ সদর উপজেলার গোদনাইল এলাকায় অবস্থিত। এক সময়ে সরকারিভাবে পরিচালিত এক মিলটি লোকসানের কারণে বন্ধ হওয়ার পর গত কয়েক বছর ধরে বেসরকারিভাবে পরিচালিত হয়ে আসছে। মিলটিতে একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান ও নয় জন পরিচালক রয়েছে। হারুন পরিবার নিয়ে কটন মিলের ভেতরে একটি কোয়ার্টারে থাকতেন। মিলের চেয়ারম্যান সামছুল হক সাংবাদিকদের বলেন, হারুনের কাছে গত ৩৪ মাসের বিদ্যুৎ, ঘর ভাড়াসহ প্রায় ৫৫ হাজার টাকা বকেয়া ছিলো। বিকালে পরিচালক বাবুল মাতবর হারুনের কার্যালয়ে গেলে বকেয়া টাকা নিয়ে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হারুন মাটিতে লুটিয়ে পড়লে তাকে চাষাঢ়া বালুর মাঠের পাশের 'ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন' ক্লিনিকে নেওয়া যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। হারুনের স্ত্রী মনোয়ার বেগম সাংবাদিকদের বলেন, "কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমার স্বামীকে মারধর করে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে তার মৃত্যু হয়।" এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল হাসান মোল্লা বলেন, নিহতের পরিবার অভিযোগ রয়েছে হারুনুর রশিদকে হত্যা করা হয়েছে। তাই ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩৮ ঘ.