সিলেট, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে আওয়ামী লীগের নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের বাসায় গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানসহ ছয় জঙ্গিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে সাতজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিলেট অঞ্চলের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শামীম-উর-রশীদ পীর বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে মুফতি আবদুল হান্নান (৪৫) ছাড়াও হরকাতুল জিহাদের জঙ্গি মফিজুল ইসলাম ওরফে অভি মহিবুল্লাহ (৩০), মুফতি মইনুদ্দিন ওরফে আবু জান্দাল ওরফে মাসুমবিল্লাহ ওরফে খাজা (২৯), শরিফ শাহেদুল আলম বিপুল (৩৮), মো. দেলওয়ার হোসেন রিপন (২৮), হুমায়ূন কবির হিমুকে (২৪) অভিযুক্ত করা হয়েছে।
হিমু ছাড়া বাকি পাঁচজন কারাবন্দি রয়েছেন।
অভিযোগপত্রে অব্যাহতির সুপারিশ করা সাতজন হলেন- সিলেট নগরীর পাঠানটুলার বাসিন্দা লুৎফুর রহমান তালুকদার, আখালিয়ার জে এম ইলিয়াস কাঞ্চন, হবিগঞ্জের বদরুল আলম মিজান, জগন্নাথপুরের সৈয়দ নাঈম আহমদ আরিফ, ফরিদপুরের আহসান উল্লাহ ওরফে হাসান কাজল, ফখরুল ইসলাম ফাহিম (ঠিকানা পাওয়া যায়নি) ও সাঈদ (ঠিকানা পাওয়া যায়নি)।
অব্যাহতি সম্পর্কে অভিযোগপত্রে বলা হয়, লুৎফুর, কাঞ্চন, আরিফ, মিজানের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া কাজল ভারতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছেন। ফাহিম ও সাঈদের পূর্ণ ঠিকানা পাওয়া গেলে পরবর্তীতে সম্পূরক অভিযোগপত্র দাখিলের মাধ্যমে অভিযুক্ত করা হবে।
২০০৪ সালের ৪ ডিসেম্বর বিকেলে নগরীর তাতীপাড়ায় নারী সাংসদ সৈয়দা জেবুন্নেছা হকের বাসায় গ্রেনেড হামলা হয়। এতে সাংসদ জেবুন্নেছা হকসহ সিলেট জেলা ও মহিলা আওয়ামী লীগের নেত্রী রুবি ফাতেমা ইসলাম, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন কামরানের স্ত্রী আসমা কামরান, শাহানারা বেগম, সালমা বাছিত, বিভা রানী ধরসহ আটজন আহত হন।
এ ঘটনায় জেবুন্নেছা হকের স্বামী এনামুল হক বাদী হয়ে ঘটনার প্রায় এক সপ্তাহ পর সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৫৯ ঘ.
bdnews24