২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৪ হাজার হজযাত্রী বহন করবে ৯ এয়ারলাইন্স

এবার হজযাত্রী পরিবহনের জন্য নয়টি এয়ারলাইন্সের (থার্ড ক্যারিয়ার) সঙ্গে চুক্তি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার হজযাত্রী পরিবহনের জন্য নয়টি এয়ারলাইন্সের (থার্ড ক্যারিয়ার) সঙ্গে চুক্তি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী গোলাম কাদের জানিয়েছেন, এই নয়টি এয়ারলাইন্স ৩৪ হাজার ৭০০ হজযাত্রী বহন করবে। প্রত্যেক হজযাত্রীকে বিমান ভাড়া বাবদে দিতে হবে ১ হাজার ৪৬৫ ডলার। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের বলেন, "ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ বছর হজে যেতে আগ্রহী যাত্রীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৯৬৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৩ হাজার ৭৩১ জন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।" বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ হাজার ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ২০ হাজার হজযাত্রী বহন করবে। বাকিদের নেওয়া হবে থার্ড ক্যারিয়ারে, অর্থাৎ ওই নয়টি এয়ারলাইন্সের মাধ্যমে। গত বছর ১০টি এয়ারলাইন্সের মাধ্যমে প্রায় ৯৪ হাজার হজযাত্রীকে সৌদি আরবে পাঠিয়েছিল সরকার। এর মধ্যে বিমান ৪৭ হাজার ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স প্রায় ২৭ হাজার যাত্রী বহন করে। বাকিদের নেওয়া হয় আরো ৮টি এয়ারলাইন্সের মাধ্যমে। এবার হজযাত্রী পরিবহনের জন্য চুক্তিবদ্ধ ৯টি এলালাইন্স হলো- ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ (৩ হাজার), এয়ার অ্যারাবিয়া (২ হাজার ৫০০), জেট এয়ারওয়েজ (২ হাজার), কুয়েত এয়ারওয়েজ (৩ হাজার), কাতার এয়ারওয়েজ (২ হাজার ৩০০), ইতিহাদ এয়ারওয়েজ (১ হাজার ৯০০), আরএকে এয়ারওয়েজ (৪ হাজার), গালফ এয়ার (৯ হাজার) ও এমিরেটস এয়ারলাইন্স (৭ হাজার)। জিএম কাদের জানান, জিএমজি, টার্কিশ ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সঙ্গেও এ বিষয়ে চুক্তি করা হবে। "ফিরতি ফ্লাইটের জন্য প্রত্যেক হজযাত্রীকে বিমান ভাড়া বাবদে দিতে হবে ১ হাজার ৪৬৫ ডলার। থার্ড ক্যারিয়ারগুলো এর মধ্যে থেকে যাত্রী প্রতি ১৬৫ ডলার করে বিমানকে দেবে," বলেন তিনি। চলতি বছর ২৯ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর হজের জন্য যাত্রী পরিবহন করা হবে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১৫ নভেম্বর, ১৬ ডিসেম্বর তা শেষ হবে। হজযাত্রী বহন করতে বিমানের জন্য কবে উড়োজাহাজ ভাড়া করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, "বিমানের জন্য উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া চলছে। তা যথাসময়ে বাংলাদেশে আসবে।" এদিকে বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য মইন উদ্দীন খান বাদল সাংবাদিকদের জানান, এবার হজযাত্রী পরিবহনে সংকট এড়াতে শিগগিরই দুটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ভাড়া নেওয়ার কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। "এর মধ্যে একটি শুধু হজের জন্য তিন মাস মেয়াদে লিজ নেওয়া হবে। অন্যটি এক বছর মেয়াদে নেওয়া হলেও হজের সময় কাজে লাগানো হবে," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০৪৯ ঘ.