পটুয়াখালী, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয় মাস বয়সী কন্যা সন্তানকে হত্যার দায়ে হৃদয় হাওলাদার (৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পটুয়াখালীর একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদউল্লা বাকাউল এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৯ সালের ১৩ অগাস্ট কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় হৃদয় তার নয় মাসের মেয়ে পূজা হাওলাদারকে জবাই করে হত্যা করে। পরে স্থানীয়রা হাতেনাতে ধরে হৃদয়কে পুলিশে দেয়।
এ ঘটনায় হৃদয়ের স্ত্রী পূর্ণিমা রানী ওইদিনই কলাপাড়া থানায় মামলা করেন।
মামলায় ২১ জন স্বাক্ষীর মধ্যে ১৬ জন নিজেদের বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এএল/২০৫০ ঘ.
bdnews24