রাঙামাটি, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে আটক করা হয়েছে।
আবদুল মজিদ ওরফে মোজ্জ্যে (৩০) নামে ওই যুবক পুরান মারিশ্যা এলাকার বাসিন্দা।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার সকাল ১০টার দিকে ওই কিশোরী স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় আবদুল মজিদ তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। ঘটনা প্রকাশ করলে ওই কিশোরীকে মেরে ফেলারও হুমকি দেয় মজিদ। তবে স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে রাতে চাচাকে ঘটনাটি খুলে বলে ওই কিশোরী।
কিশোরী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।
বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সহায়তায় আব্দুল মজিদকে পুরান মারিশ্যা বাসা থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।
এ ব্যাপারে ধর্ষিতার বড় ভাই বাদী হয়ে বাঘাইছড়ি থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াহিজ্জ্বামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্ষণের অভিযোগে আটক করে আবদুল মজিদকে আদালতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য অভিযোগকারী কিশোরীকে আগামীকাল রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
প্রতিবাদে মানববন্ধন
ঘটনার প্রতিবাদে ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেয়।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সহ-সম্পাদক নিশি দেওয়ান এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২০৪০ ঘ.
bdnews24