ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে অবকাঠামো, সমুদ্র বন্দর উন্নয়ন, নদী খনন এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বেলজিয়াম।
বাংলাদেশে বেলজিয়ামের নতুন অনাবাসিক রাষ্ট্রদূত পিয়েরে ভাসেন বৃহস্পতিবার বিকালে গণভবণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ সব খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী এ আগ্রহকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী অন্যান্য খাতেও বেলজিয়ামের বিনিয়োগ আহবান করেন। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সেক্রেটারি এম নজরুল ইসলাম সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু জানান।
বৈঠকে দুদেশের ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিয়য় নিয়ে আলোচনা হয়।
নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরেন। এছাড়া জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার বিষয় নিয়ে আলোচনা হয়।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের নেওয়া উদ্যোগের প্রতি বেলজিয়ামের পূর্ণ সমর্থনের কথা জানান রাষ্টদূত।
এর আগে ফিনল্যান্ডের নব নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত টেরি হাকালা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯২৩ ঘ.
bdnews24