সিলেট, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পর সিলেটেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশে মারামারি হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে নগরীর বন্দরবাজার এলাকায় আওয়ামী লীগের সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী সমাবেশস্থলে আসার কিছু সময় আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম এবং সাবেক যুগ্মসম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
আহতদের মধ্যে রয়েছেন ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, ছাত্রলীগকর্মী তারেক, স্বেচ্ছাসেবক লীগ কর্মী আফতাব।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টায় সমাবেশ চলার সময় উভয় পক্ষ চেয়ার ছোড়াছুড়ি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন পুলিশ গিয়ে তাদের থামায়।
সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল ফজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়।
আহত তারেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সিলেটের আগে বুধবার চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আওয়ামী লীগের সভায় হট্টগোল হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৭১৪ ঘ.
bdnews24