২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মূল দাবিতে' সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ডিসি সম্মেলন

ডিসিদের পূর্ণ বিচারিক ক্ষমতা দেওয়াসহ তাদের প্রধান তিনটি দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসিদের পূর্ণ বিচারিক ক্ষমতা দেওয়াসহ তাদের প্রধান তিনটি দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজের বক্তব্যের মধ্য দিয়ে এ সম্মেলনের সমাপ্তি ঘটে। সম্মেলন শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, "তাদের প্রস্তাব অনুযায়ী ডিসিদের পূর্ণ বিচারিক ক্ষমতা, ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বাড়ানো এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস ব্যবস্থা চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর সঙ্গে আইনি বিষয় রয়েছে। এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।" ডিসিদের উন্নতমানের গাড়ি সরবরাহের দাবিও নাকচ করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে তার কার্যালয়ে চলতি বছরের ডিসি সম্মেলনের উদ্বোধন করেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, ডিসিদের আরো জনসম্পৃক্ত হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবারের সম্মেলনে। তিনি জানান, এবারের সম্মেলনে ডিসিদের প্রস্তাব অনুযায়ী ৩২১টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এসব নির্দিষ্ট বিষয়ের বাইরেও কিছু বিষয় আলোচনায় এসেছে। এগুলোর বিষয়ে সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে। "এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন সম্ভব হলে প্রশাসনের বিভিন্ন স্তরে জনসেবা এবং গতিশীলতা বাড়বে," বলেন সচিব। তিনি জানান, ডিসি অফিসে সেবা প্রত্যাশীদের জন্য সহায়তা ডেস্ক স্থাপন, সপ্তাহে একদিন গণশুনানীর আয়োজন এবং ই-সেবা চালু করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এসব সেবা চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ থেকেই। আলোচিত বিষয়গুলো তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "ভ্রাম্যমাণ আদালতগুলো বর্তমানে যে ক্ষমতা নিয়ে কাজ করছে, তা নিয়েই তাদের কাজ চালিয়ে যেতে হবে। দোষীরা নিজের দোষ স্বীকার না করলে এ আইন অনুযায়ী তাদের আদালতে হস্তান্তর করতে হবে। আইনি বিষয়গুলো পরীক্ষা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" মন্ত্রিপরিষদ সচিব তিনদিনের সম্মেলনে আলোচিত বিষয়গুলো তুলে ধরেন। এগুলো হচ্ছে- ডিসিদের পূর্ণ বিচারিক ক্ষমতা দেওয়া, ভ্রাম্যমান আদালতের ক্ষমতা বাড়ানো, প্রত্যেক বিভাগে একটি করে অর্থনৈতিক অঞ্চল স্থাপন, ভূমি ব্যবস্থাপনা আইন প্রণয়ন, ভূমি জোনিং ও ব্যবহার আইন সংস্কার, বনভূমি ও সম্পদ রক্ষায় জেলা ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয়, আশুগঞ্জে দ্বিতীয় সার কারখানা স্থাপন এবং সীমান্ত সংকট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এছাড়া আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে- কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাশ্রয়ী মূল্যে যথাসময়ে কৃষি উপকরণ বিতরণ, যোগাযোগ খাতের অবকাঠামো স