২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের নামে অটোরিকশার নিবন্ধন চায় চালকরা

চালকদের মধ্যে বিগত তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত পাঁচ হাজার সিএনজি অটোরিকশার নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক মহাজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- চালকদের মধ্যে বিগত তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত পাঁচ হাজার সিএনজি অটোরিকশার নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক মহাজোট। বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিএনজি চালকদেরকে সরাসরি পাঁচ হাজার সিএনজি অটোরিকশার নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়। মালিক সমিতি এ সিদ্ধান্তের বিপক্ষে হাইকোর্টে মামলা করলেও রায় তাদের বিপক্ষে যায়। সংগঠনটির সভাপতি আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ি চালায় ড্রাইভার। তাই গাড়ির ওপর অন্য যে কারোর চেয়ে ড্রাইভারদেরই দাবি বেশি। গাড়ির রেজিস্ট্রেশন বরাদ্দ আমাদের প্রাণের দাবি, আমাদের রুটি-রুজি এর ওপর নির্ভরশীল।" চলাচলের অনুপযোগী (আনফিট) গাড়ি রাস্তায় নামানোর জন্য মালিকপক্ষই দায়ী বলে মন্তব্য করেন তিনি। আলী বলেন, "বেশি লাভের আশায় তারা ৬/৭ বছরের পুরোনো গাড়ি দিয়ে চালকদের রাস্তায় নামতে বাধ্য করে। এবার তারা ড্রাইভারদের প্রাপ্য গাড়ি দখল করতে চাইছে। তাই আমাদের আন্দোলন ছাড়া গতি নেই।" মানববন্ধন শেষে দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ৮ অগাস্ট সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অবস্থান ধর্মঘট, ১৭ অগাস্ট সকাল ১১টায় একই স্থানে গণজমায়েত এবং যোগাযোগ মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/১৮৪১ ঘ.