২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

বড় ভাইকে হত্যার দায়ে মো. মাহামুদ শেখ (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বাগেরহাটের একটি আদালত। পাশাপাশি নিহতের স্ত্রীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

বাগেরহাট, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ভাইকে হত্যার দায়ে মো. মাহামুদ শেখ (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বাগেরহাটের একটি আদালত। পাশাপাশি নিহতের স্ত্রীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন। মাহামুদ বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মো. মোজাম শেখের ছেলে। নিহত এসকেন্দার (৩২) তার বড় ভাই। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন এসকেন্দারের স্ত্রী পারভীন বেগম (২৭) ও পার্শ্ববর্তী সাবোখালী গ্রামের হামিদ তালুকদারের ছেলে আসাদ তালুকদার (৩৭)। আসাদ পলাতক। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি চৌদ্দহাজারী গ্রামের লতিফ তালুকদারের ছেলে নওয়াব তালুকদারকে (৩২) খালাস দিয়েছে আদালত। রায়ে মাহামুদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, এসকেন্দারের স্ত্রী পারভীনের সঙ্গে মাহামুদের পরকীয়া সম্পর্ক ছিলো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০০৮ সালের ২৩ অক্টোবর গভীর রাতে এসকেন্দারকে জবাই করে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বাবা মো. মোজাম শেখ চিতলমারী থানায় পারভীন ও মাহামুদসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর আটক হয় পারভীন ও মাহমুদ। পুলিশের জিজ্ঞাসাবাদের তারা হত্যার কথা স্বীকার করে। চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির ২০০৯ সালের ২৪ ফেব্র"য়ারি চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট লুৎফর রহমান। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৭৩৩ ঘ.