ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পদত্যাগ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
একইসঙ্গে তিনি আমিন বাজারে ছয় ছাত্র হত্যা এবং ঝালকাঠিতে র্যাবের গুলিতে কলেজছাত্র লিমন হোসেন আহত হওয়ার ঘটনার যথাযথ তদন্ত দাবি করেন।
আমিনবাজারে নিরীহ ৬ ছাত্র হত্যার বিচার ও আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে বাংলাদেশ ইউথ ফোরামের এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ দাবি জানান।
গয়েশ্বর বলেন, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যার্থতায় আমিনবাজারে ছয়জন ছাত্র নিহত হলো। তারা শুধু হত্যার শিকার হয়নি। পুলিশ তাদের ডাকাতি মামলার আসামি করে ছাত্র সমাজকে কলুষিত করেছে।
"আমিনবাজারের ছয় ছাত্রের মতো ঝালকাঠির লিমনকে একই কায়দায় পঙ্গু করে সন্ত্রাসী বানিয়েছে র্যাব এবং পুলিশ। তখনও জনগণ দেখেছে এই স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা।"
মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের সেক্রেটারি জেনারেল আব্দুল লতিফ নেজামী, জাতীয় পার্টির মহাসচিব আবু নাসের রহমতউল্লাহ, বিএনপির নির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত মেজর মো. হানিফ, ইউথ ফোরামের সভাপতি সাইদুর রহমান এবং সচেতন যুব সমাজের সভাপতি মো. মনজুর হোসেন ঈসা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/১৭২৮ ঘ.
bdnews24