২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিমলের জবানবন্দি প্রত্যাহার আবেদন নথিভুক্ত হলো

ভিকারুন নিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণ মামলার আসামি পরিমল জয়ধরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন এবার নথিতে রাখার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুন নিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণ মামলার আসামি পরিমল জয়ধরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন এবার নথিতে রাখার আদেশ দিয়েছে আদালত। গত ২১ জুলাই একই আবেদন করা হলে তা ফিরিয়ে দিয়েছিলেন অপর মহানগর হাকিম সাবরিনা আলী। বুধবার দুপুরে ঢাকার মহানগর হাকিম ফারহানা ফেরদৌসের কাছে পরিমল কাঠগড়ায় দাঁড়িয়ে লিখিত দরখাস্ত দিয়ে এ আবেদন জানালে নিয়ম অনুযায়ী বিচারক তা নথিতে রাখার আদেশ দেন। তবে এ সময় পরিমলের পক্ষে জামিন চাওয়া হলে তা নাকচ করেন এ বিচারক। ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক এই জবানবন্দি প্রত্যাহারের এ আবেদন ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইন অনুযায়ী এখন আসামি পক্ষে কোনো কাজে আসবে না । তবে মামলাটির বিচার অর্থাৎ সাক্ষ্যগ্রহণ, আসামির আত্মপক্ষ সমর্থন এবং যুক্তিতর্কের সময় বিচারিক আদালতের কাছে এ আবেদনের যৌক্তিকতা ও বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে পারলে তা আসামির পক্ষে কাজে লাগবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার আইনজীবী মাহফুজুর রহমান। 'জবানবন্দি দিতে বাধ্য করা হয়' প্রত্যাহারের আবেদনে পরিমল বলেন, মামলার তদন্ত কর্মকর্তা অকথ্য নির্যাতনের মাধ্যমে তাকে এ জবানবন্দি দিতে বাধ্য করেন। মামলায় ধর্ষণের কথিত কাহিনী সত্য বলে স্বীকার না করলে তাকে ক্রসফায়ারে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা হুমকি দেন বলেও দাবি করেন তিনি। পরিমল বলেন, পরিবারকেও মামলায় জড়ানোর হুমকি দেওয়ায় বাধ্য হয়ে তিনি ঘটনাটিতে নিজেকে দায়ী করে জবানবন্দি দিয়েছিলেন। শুনানি শেষে বিকালে পরিমলকে আবার কারাগারে পাঠানো হয়। এদিকে গত ২১ জুলাই এ মামলায় বাদির ব্যক্তিগত আইনজীবী ইস্কান্দার আলী মিয়া ও জিল্লুর রহমান তালুকদার মামলার অপর আসামি ভিকারুন্নেসা স্কুলের ছুটিতে থাকা অধ্যক্ষ হোসনে আরা বেগম এবং স্কুলটির বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানকে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়ার আবেদন জানান। বিচারক এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে আবেদনটি নথিতে রেখে দিয়েছিলেন। পরিমল জয়ধর গত ১১ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ছাত্রী ধর্ষণ মামলায় গত ৭ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২১৬ ঘ.