লন্ডন, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনে অবৈধভাবে থাকার দায়ে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।
অক্সফোর্ডশায়ার, ওয়ারউইকশায়ারের রাগবি এবং পশ্চিম লন্ডনের পাঁচটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করে যুক্তরাজ্য বর্ডার এজেন্সি।
উডস্টকের অক্সফোর্ড স্ট্রিটে, চিপিং নর্টনের হর্স ফেয়ার, হেনলে-অন-টেমসের রিডিং রোড, টুইকেনহামের চার্চ স্ট্রিটের কয়েকটি রেস্টুরেন্ট থেকে গত ২১ জুলাই তাদের গ্রেপ্তার করা হয়।
ওইদিন রাগবির হিশমর্টনের লোয়ার স্ট্রিটের একটি রেস্টুরেন্টেও অভিযান চালায় বর্ডার এজেন্সি। তারা সেখানে কর্মীদের জিজ্ঞাসাবাদ এবং তাদের অভিবাসনের বৈধতা যাচাই করে।
অক্সফোর্ড স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে। এদের একজনকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও একবছর ব্রিটেনে থাকা এবং অন্যজনকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়। চিপিং নর্টনে গ্রেপ্তার হন চারজন। দুজন ভিসার মেয়াদের পরও থাকার দায়ে, দুজন অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের দায়ে।
ভিসার মেয়াদ না থাকায় হেনলে-অন-টেমস থেকে গ্রেপ্তার হন দুজন। টুইকেনহামে অবৈধ প্রবেশের দায়ে চারজন এবং ভিসার মেয়াদ না থাকায় একজন গ্রেপ্তার হন। অবৈধভাবে কাজ করার দায়ে রাগবি থেকে গ্রেপ্তার হন চারজন।
ব্রিটেনের অভিবাসনন্ত্রী ড্যামিয়েন গ্রিন বলেন, আমাদের অভিবাসন পদ্ধতির অপব্যবহারীদের বিরুদ্ধে যে আমরা পদক্ষেপ নিচ্ছি এই অভিযান তার প্রমাণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/পিডি/২২০০ ঘ.
bdnews24