ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অনুৎপাদনশীল ও ঝুঁকিপূর্ণ' খাতে ঋণ প্রবাহের লাগাম টেনে ধরতে জুলাই-ডিসেম্বর সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এই লক্ষ্যে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৮ শতাংশের মধ্যে সীমিত রাখার পরিকল্পনা করা হয়েছে মুদ্রানীতিতে। গত ২০১০-১১ অর্থবছরে এই খাতে ঋণের প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার প্রত্যাশা করা হলেও অর্থবছর শেষে তা ২৫ দশমিক ৫ শতাংশে পৌঁছায়।
ঋণের এই প্রবাহ নিয়ন্ত্রণে নতুন অর্থবছরে সরকারি-বেসরকারি খাত মিলিয়ে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ২০ শতাংশ।
তবে উৎপাদনশীল খাত যাতে প্রয়োজনীয় ঋণ পায়- বাংলাদেশ ব্যাংক তা নিশ্চিত করার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।
বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করে তিনি বলেন, "গত বছরের প্রসারিত অভ্যন্তরীণ ঋণের পরিপ্রেক্ষিতে ২০১১-১২ অর্থবছরের মুদ্রানীতির ভঙ্গি সংযত হওয়া প্রয়োজন হবে, যাতে করে অতিতের মতো এবারও কিছু অনুৎপাদনশীল ও অত্যধিক ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে ঋণের ব্যবহার কমে যায় এবং অন্যদিকে উৎপাদনশীল খাত যেমন- ম্যানুফ্যাকচারিং, কৃষি, ব্যবসা ও অন্যান্য সেবা খাতে ঋণের পর্যাপ্ত প্রবাহকে নিশ্চিত করা সম্ভব হয়।"
এই মুদ্রানীতিতে বাজেটে ঘোষিত ৭ শতাংশ সার্বিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ মশতাংশ ও মানি ভেলোসিটি ৪ শতাংশ ধরে ব্রড মানির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ দশমিক ৫ শতাংশ।
মূল্যস্ফীতি
গভর্নরের সিনিয়র পরামর্শক ও সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী বলেন, খাদ্য মূল্যস্ফীতি রোধে মুদ্রানীতির খুব একটা ভূমিকা নেই। তবে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে সরকারকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।
গত অর্থবছরের সংশোধিত বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৮ শতাংশ হবে বলে প্রত্যাশা করা হলেও অর্থবছর শেষে তা ৮ দশমিক ৮ শতাংশে দাঁড়ায়।
বিশ্ববাজারে খাদ্যসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়াকেই এর কারণ হিসেবে চিহ্নিত করেন গভর্নর।
তিনি বলেন, "যেহেতু খাদ্য ছাড়া অন্য পণ্যে মূল্যস্ফীতি এখন কম, সেহেতু সার্বিক মূল্যস্ফীতি লক্ষ্যের মধ্যে রাখার বিষয়টি প্রধানত অভ্যন্তরীণ খাদ্যমূল্যের ওপর নির্ভর করবে। ভাল উৎপাদন এবং যোগান ব্যবস্থায় কোনো বড় প্রতিবন্ধকতা না থাকার পরও বিশ্ববাজারের প্রবণতার কারণে দেশের বাজারে খাদ্য মূল্য ঊর্ধমুখী থাকার আশঙ্কা রয়েছে।"
চলতি অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি ৭ থেকে ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এআরএএইচ/জেকে/১৯২৬ ঘ.
bdnews24