ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালকেন্দ্রিক আট মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯০ নেতা-কর্মীকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্টের দুটি বেঞ্চ।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হক এবং বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ তাদের জামিন দেয়।
ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আতিকুর রহমান নান্নু, জেলা সংখ্যালঘু সম্পাদক জাহাঙ্গীর কবির, মো. আলী, ফতুল্লার সহ-সভাপতি হাসান পারভেজসহ মোট ৯০ জন হাইকোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সোনারগাঁও থানায় দায়ের করা মোট আট মামলায় এদেরকে দুই মাসের আগাম জামিন দেওয়া হয়।
জামিনপ্রাপ্তদের অনেকে একাধিক মামলার আসামি ছিলেন।
সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' বাদ দেওয়ার প্রতিবাদে গত ১০ জুলাই ইসলামী আন্দোলনের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে হামলা, ভাঙচুর ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন, ব্যারিস্টার ফখরুল ইসলাম। দুই বেঞ্চে রাষ্ট্রপক্ষে শুনানি করেন দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলু ও বোরহান উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯২৯ ঘ.
bdnews24