জয়পুরহাট/ফরিদপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুরে এবং ফরিদপুরের ভাঙ্গায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আক্কেলপুরের আব্দুল জলিলকে (২৫) ৬ মাস এবং ভাঙ্গার ফরিদ মোল্লাকে (২২) তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
বুধবার আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএএম রফিকুন্নবী এবং ভাঙ্গার নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ সাজা দেন।
আক্কেলপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, আক্কেলপুর মহিলা কলেজের এক ছাত্রীকে জলিল প্রায়ই উত্ত্যক্ত করতো। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজে যাওয়ার সময় ওই ছাত্রীর পথরোধ করে এলাকাবাসী জলিলকে আটক করে পুলিশে দেয়।
ভাঙ্গার দণ্ডিত ফরিদ ভাঙ্গা বাজার বাস স্ট্যান্ডের একটি বাস কাউন্টারের টিকিট বিক্রেতা।
মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ভাঙ্গা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে ফরিদ প্রায়ই উত্ত্যক্ত করতো। মঙ্গলবার ওই ছাত্রী বাড়ি যাওয়ার জন্য বাসের টিকিট কিনতে গেলে ফরিদ ও তার কয়েকজন সহযোগী জোর করে তাকে বিয়ে করার হুমকি দেয়।
বুধবার ওই ছাত্রীর মা কলেজ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিলে অধ্যক্ষ ঘটনাটি পুলিশকে জানায়।
পুলিশ ফরিদকে সকালে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮৫০ ঘ.
bdnews24