নাটোর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলায় একটি মাদ্রাসার টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার দুপুরে সিংড়ার কলম ইউনিয়নের কুণ্ডরি দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
কুণ্ডরি দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদ্রাসা সংলগ্ন একটি নারিকেল গাছ পরিষ্কারের সময় গাছের একটি ডাল পাশের বিদ্যুতের তারের ওপর পড়লে তার ছিঁড়ে মাদ্রাসার টিনের চালার ওপর পড়ে। এতে মাদ্রাসার পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়লে ওই ঘরে থাকা ২৫ শিক্ষার্থীর সবাই আহত হয়।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত বিদ্যুতের তারটি সরিয়ে ফেলে। আহত শিক্ষার্থীদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও কয়েকটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনার খবর শুনে অভিভাবকরা মাদ্রাসায় ছুটে আসেন। ছেলেমেয়েদের শারীরিক অবস্থা নিয়ে তারা শঙ্কিত হয়ে পড়েন বলে জানান তত্ত্ববধায়ক হযরত আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭৫০ ঘ.
bdnews24