২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুরনো সব জেলা সিটি কর্পোরেশন হবে'

পর্যায়ক্রমে দেশের পুরনো সব জেলা সদরের পৌরসভাগুলোকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যায়ক্রমে দেশের পুরনো সব জেলা সদরের পৌরসভাগুলোকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। নারায়ণগঞ্জ ও কুমিল্লার পর টঙ্গী ও গাজীপুর পৌরসভা অচিরেই সিটি কর্পোরেশনে উন্নীত হবে বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ অধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময়ের পর স্থানীয় সরকারমন্ত্রী নতুন সিটি কর্পোরেশনের বিষয়টি সাংবাদিকদের বলেন। বৈঠকে জেলা প্রশাসকদের পক্ষ থেকে আরো বেশি সম্পদ ও তহবিল চাওয়া হয় জানিয়ে আশরাফুল বলেন, স্থানীয় সরকারগুলোকে শতভাগ স্বাধীনভাবে কাজ করতে হলে নিজস্ব রাজস্ব আদায় শতভাগ করতে হবে। কার্যক্রম পরিচালনায় ১০ শতাংশ সরকারি অনুদান নিলেও তাকে ওই পরিমাণ স্বাধীনতা হারাতে হবে। কর আদায়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আমাদের সেবা পাওয়ার আকাক্সক্ষা থাকলেও ট্যাক্স (কর) ফাঁকি দেওয়ার একটি মানসিকতা রয়েছে। কিন্তু সেবা পেতে টাকার দরকার। এ টাকা সরকার পাবে কোথায়? এ টাকা জনগণকেই দিতে হবে। উন্নত সেবা চাইলে সবাইকেই নিজের কর পরিশোধ করতে হবে।" এ প্রসঙ্গে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নির্বাচনী প্রতিশ্র"তির কথা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "আমাদের মেয়র ও কাউন্সিলররা নির্বাচনের সময় কর না বাড়ানোর ঘোষণা দেন। এ কারণে '৯৮ সালের পর থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার কোথাও ১৩ বছরে কোনো কর বাড়ানো হয়নি। কিন্তু এ অবস্থায় তো চলতে পারে না।" জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনিক কর্মকর্তাদের দ্বন্দ্বের কোনো অভিযোগ জেলা প্রশাসকরা করেনি বলে জানান আশরাফুল। নির্বাচিত জেলা পরিষদ গঠনের বিষয়ে তিনি বলেন, "এ বিষয়ে ডিসিদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে এ আইনও পরিবর্তনের প্রক্রিয়া চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬১৬ ঘ.