২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমের ১০ জেলায় বাস শ্রমিকদের ধর্মঘট

শ্রমিকদের বেতনভাতা বাড়ানো, সড়ক দুর্ঘটনায় শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 09:10 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের বেতনভাতা বাড়ানো, সড়ক দুর্ঘটনায় শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা। নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলায় চলছে এ ধর্মঘট। ফলে এসব জেলা থেকে ঢাকাসহ অন্যান্য জেলায় ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। খুলনা বিভাগীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আহ্বানে এ ধর্মঘট পালিত হচ্ছে বলে জানান ফেডারেশনের আহ্বায়ক এবং নড়াইল জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাদেক আহম্মেদ খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক পরিবহন শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো, সড়ক দুর্ঘটনায় ৩০২(ক) ধারায় দায়ের করা মামলা প্রত্যাহার, সরকারঘোষিত সব শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও নির্যাতন বন্ধ করা এবং দৌলতদিয়া, পাটুরিয়া, চরজানাজাত ও মাওয়া ঘাটে সিরিয়ালের নামে শ্রমিকদের ওপর নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। মাগুরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান জানান, এসব দাবি মেনে নেওয়ার জন্য এর আগেও মালিকপক্ষ ও প্রশাসনকে বারবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তারা এসব বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান ঝিনাইদহ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর। তবে হঠাৎ করে এ পরিবহন ধর্মঘটের ফলে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সব রুটের যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। বিশেষ করে আভ্যন্তরীণ রুটের যান চলাচল বন্ধ হওয়ায় যেসব চাকরিজীবী প্রতিদিন জেলার বিভিন্ন থানা ও পাশের জেলাগুলোতে অফিস করে থাকেন তারা পড়েছেন চরম দুর্ভোগে। ফলে অনেকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নসিমন-করিমন বেবিটেক্সিতে করে যাতায়াত করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫০৫ ঘ.