মুন্সীগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের মাওয়াঘাট থেকে ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাসের ধাক্কায় সিরাজদিখান উপজেলায় ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে র্যাব ও পুলিশের হস্তক্ষেপে বেলা দেড়টায় যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতারা হলেন- আল্লাদী বেগম (৪০), মিম (২০), রেনু বেগম (৫৫), মইনুল (৬ মাস), সিএনজি চালক শাহাবুদ্দিন (৩৫) ও অজ্ঞাত পরিচয় পুরুষ।
সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইলিশ পরিবহনের ঢাকাগামী যাত্রীবাহী বাসটি নিমতলীতে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে প্রথমে ধাক্কা দেয়।
এরপর দ্রুত পালানোর সময় কিছুদূর যেয়েই বাসটি যাত্রীবাহী আরেকটি টমটম এবং দোহারগামী নগরপরিবহনের যাত্রীবাহী অপর একটি বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান অপর একজন।
বাসটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০২ ঘ.
bdnews24