২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যা: দ্বিতীয় দিনে ৩১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

পিলখানা হত্যা মামলার অভিযোগ গঠন শুনানির দ্বিতীয় দিনে ৩১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 07:11 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলার অভিযোগ গঠন শুনানির দ্বিতীয় দিনে ৩১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের অস্থায়ী এজলাসে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুরু হয়। ৩১০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে দুপুর ১টার দিকে আসামি পক্ষের আইনজীবীরা অতিরিক্ত গরমের কারণে আদালত মুলতবির আবেদন জানান। তাদের আবেদনে আগামী ১০ অগাস্ট পর্যন্ত আদালত মুলতবি করা হয়। এ মামলায় মোট আসামির সংখ্যা ৮৪৭ জন। আসামিদের অব্যাহতির সব আবেদন আদালত নাকচ করার পর গত ২০ জুলাই অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়। শুনানির দ্বিতীয় দিন শেষে মোট ৭৪০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭০ জন নিহত হন। বিদ্রোহের বিচার বিডিআর আদালতে হলেও হত্যা-লুণ্ঠনের বিচার চলছে প্রচলিত আইনে। আসামির সংখ্যা অনেক হওয়ায় আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের এজলাস বসিয়ে এর বিচার চলছে। রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়। নাম বদলের পর এ বাহিনী এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিসেবে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/আরএ/১৬১৪ ঘ.