চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- চট্টগ্রামে ভেজালবিরোধী অভিযানে নগরীর বিভিন্ন এলাকার ১৪টি দোকান ও রেস্টুরেন্টকে মোট ৮৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, বিএসটিআই'র সিল না থাকা, মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে এ জরিমানা করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক শেখ মাহমুদুল হাসান।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক জুবায়ের আহমেদের নেতৃত্বে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে গিটি হোটেলকে সর্বোচ্চ ১২ হাজার টাকা ও ক্যাফে নিউ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জসিম স্টোর, আল ফরচুন ট্রেডার্স, মেসার্স হানিম্যাক্স ও ডেচিন মেডিক্যাল হলকে আট হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া নিউ মডেল ফুড ও জাহিদ স্টোরকে ছয় হাজার টাকা, শাহ আমানত ফার্মেসী ও মাছ ব্যবসায়ী আমির হোসেনকে পাঁচ হাজার, রুস্তম স্টোরকে চার হাজার, কাজী ইউসুফ ও আব্দুল মালেককে তিন হাজার এবং সব্জি ব্যবসায়ী শফি আলমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/পিডি/২২৫৪ ঘ.
bdnews24