ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথক তিনটি মানহানি মামলায় তিনটি দৈনিকের সম্পাদক প্রকাশকসহ পাঁচজনকে তলব করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ইউনিয়ন গ্র"পের চেয়ারম্যান রানা শফিউল্লাহর দায়ের করা তিনটি মামলায় তিনজন মহানগর হাকিম অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
যাদের তলব করা হয়েছে তারা হলেন- দৈনিক যুগান্তরের সম্পাদক ও প্রকাশক সালমা ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, সমকালের প্রতিবেদক হকিকত জাহান হকি এবং অপরাধকন্ঠের সম্পাদক প্রকাশক রাশেদুল হাসান ও অপরাধকন্ঠের প্রতিবেদক দেলোয়ার হোসেন।
যুগান্তরের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে আগামী ৫ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন মহানগর হাকিম এজিএম আল মাসুদ। অপরাধকন্ঠের সম্পাদক ও প্রতিবেদককে আগামী ২৪ অগাস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন মহানগর হাকিম হারুন অর রশিদ। সমকালের প্রতিবেদককে আগামি ৫ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন মহানগর হাকিম শামসুল ইসলাম।
মামলায় রানা উল্লেখ করেন, যুগান্তর পত্রিকায় গত ২০ জুলাই তার বিরুদ্ধে 'চোরাই মদ বিক্রি করে টোকাই থেকে কোটিপতি। রানার অবৈধ সম্পদের সন্ধানে দুদক: হিসাব চেয়ে নোটিশ' শিরোনামে, সমকালে একইদিন 'রানা শফিউল্লাহ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক' শিরোনামে এবং অপরাধকন্ঠে ২১ জুলাই 'অবশেষে রানা দম্পতির বিরুদ্ধে দুদকের নোটিশ' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। যা কুরুচিপূর্ণ, বানোয়াট ও মানহানিকর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২২১ ঘ.
bdnews24