ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন জেলায় নৌ ফাঁড়ি ও দমকল স্টেশন স্থাপন এবং থানা ও কারাগার সংস্কারের সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা।
মঙ্গলবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা বলেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকরা কোনো ক্ষোভ প্রকাশ করেছেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, বিগত আড়াই বছরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসকরা।
প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, জেলা প্রশাসকরা ক্যাম্পাস ও টুরিস্ট পুলিশ গঠনের সুপারিশ করেছেন। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া বিভিন্ন জেলায় কিছু কারাগার স্থানান্তর ও সংস্কার করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশের সহযোগিতা না পাওয়া বিষয়ে জেলা প্রশাসকরা কোনো অভিযোগ করেননি বলে জানান শামসুল হক।
তিনি বলেন, "ভ্রাম্যমাণ আদালত আরো কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯৫৮ ঘ.
bdnews24