২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের হাতে প্রাণ গেল যুবকের

পটুয়াখালীর একেএম কলেজে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

পটুয়াখালী, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর একেএম কলেজে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় এক যুবক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগের দিন সন্ধ্যায় একটি ঘটনার মীমাংসার কথা বলে শাহাদাত হোসেন (২৩) নামে ওই যুবককে কলেজে ডেকে আনা হয়েছিলো। সদর থানার নন্দকানাই এলাকার মৃত নয়া হাওলাদারের ছেলে শাহাদাত ভাড়ায় মটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ওই কলেজের ছাত্র মো. সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপোষ-মীমাংসার কথা বলে শাহাদাতকে দুপুরে কলেজে আসতে বলা হয়। সে কলেজে আসামাত্র কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান শিকদারের নেতৃত্বে কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।" নাম প্রকাশ না করার শর্তে একাধিক কলেজ শিক্ষক ও ছাত্র জানিয়েছেন, হাসানের সঙ্গে ছাত্রলীগ নেতা বেলাল হোসেন ও বাটি মিজানকে তারা কোপাতে দেখেছেন। পটুয়াখালী সদর থানার ওসি তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। খবর পেয়ে পটুয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/১৯৩৪ ঘ.