ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পর্যায়ের ১৪ জন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে দুই জনকে এডিসি'র দায়িত্ব থেকে প্রত্যাহার এবং ১২ জনকে নতুন করে এডিসি'র দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ নিয়োগ ও প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া দুই এডিসি হলেন- ভোলার প্রবীর কুমার চক্রবর্তী এবং রাজবাড়ীর মাহমুদুল হোসাইন খান।
নতুন করে এডিসি'র দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার হাসনাত তারিককে নড়াইলে নিয়োগ দেওয়া হয়েছে। নরসিংদী মনোহরদীর ইউএনও তপন কুমার বিশ্বাস নিয়োগ পেয়েছেন চুয়াডাঙ্গায়।
কিশোরগঞ্জ নিকলীর ইউএনও ফজলুর রহমান বরগুনায়, মৌলভীবাজার বড়লেখার ইউএনও রফিকুল আলমকে রাজশাহী, নাটোর সদরের ইউএনও গৌতম চন্দ্র পালকে মাগুরা, গাইবান্ধা ফুলছড়ির ইউএনও হাসান মারুফকে মেহেরপুর, মাগুরা সদরের ইউএনও মোখলেছুর রহমানকে ঝালকাঠি, টাঙ্গাইল মধুপুরের ইউএনও একেএম বেনজামিন রিয়াজিকে পাবনা এবং ময়মনসিংহ গফরগাঁও'র ইউএনও আবু নূর মোহাম্মদ শামসুজ্জামানকে লালমনিরহাটের এডিসি'র দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ওয়াহিদুল ইসলামকে রাজবাড়ী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণায়ের সিনিয়র সহকারী সচিব নাফিউল হাসানকে কুড়িগ্রাম এবং অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব জিয়াউল হককে ভোলার এডিসি নিয়োগ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি কার্যালয়ে সংযুক্ত উপসচিব সাইদা নাইম জাহান ও উত্তম কুমার কর্মকারকে পিপিপি কার্যালয়ের উপ-ব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিসিএস (ইকোনমিক) ক্যাডারের কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়া সহকারী প্রধান শামীমা আকতারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গবেষণা কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মোল্লা এরশাদুল হককে ঢাকার বিজিবি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৯০৯ ঘ.
bdnews24