গাইবান্ধা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় এসিড নিক্ষেপের দায়ে তিন আসামির প্রত্যেককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ এ টি এম গোলাম কিবরিয়া এ রায় প্রদান করেন।
দণ্ডিত হয়েছেন বড় গোবিন্দপুর গ্রামের ফুল মিয়া, তার স্ত্রী সাহেরা বেগম ও বদি মিয়া। রায় শেষে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, বড় গোবিন্দপুর গ্রামের গৃহবধূ মঞ্জুয়ারার স্বামী আব্দুল মজিদের সঙ্গে গরু বেচাকেনা নিয়ে একই গ্রামের ফুল মিয়ার বিরোধ হয়। এর জের ধরে ২০০৫ সালের ২৫ মে রাতে মঞ্জুয়ারা ঘরের বাইরে শৌচাগারে গেলে আসামিরা তাকে এসিড নিক্ষেপ করে।
এতে তার গলা ও বুকের একাংশ ঝলসে যায়।
মঞ্জুয়ারার স্বামী আব্দুল মজিদ তিনজনকে আসামি করে পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯০০ ঘ.
bdnews24