২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপের কামড়ে নবদম্পতির মৃত্যু

মাস খানেক আগে বিয়ে হয়েছিলো কোটচাঁদপুরের বাঘডাঙ্গা গ্রামের নবকুমার দাসের সঙ্গে পাশের কালীগঞ্জের ভাটপাড়া গ্রামের শান্ত রানী দাসের (১৮)। সাপের কামড়ে মাস না পেরোতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঝিনাইদহ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাস খানেক আগে বিয়ে হয়েছিলো কোটচাঁদপুরের বাঘডাঙ্গা গ্রামের নবকুমার দাসের সঙ্গে পাশের কালীগঞ্জের ভাটপাড়া গ্রামের শান্ত রানী দাসের (১৮)। সাপের কামড়ে মাস না পেরোতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তারা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের বাঘডাঙ্গা গ্রামে। গ্রামবাসী ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে নবকুমার ও শান্ত রানী শুয়ে পড়েন। মাঝ রাতে স্ত্রীর চিৎকারে ঘুম ভাঙে নবকুমারের। জেগে দেখেন বিছানায় বিষধর সাপ ফানা তুলে বসে আছে। তাৎক্ষণিক সাপটিকে তাড়া করলে নবকুমারকেও এটি কামড় দেয়। রমেন দাস নামে ওই গ্রামের একজন জানান, ওই নবদম্পতির চিৎকারে শুনে লোকজন ছুটে এসে সাপটিকে ধরে ফেলে। পরে বিষ নামানোর নামে রাতভর ওই নবদম্পতিকে ঝাড়ফুঁক দেওয়া হয়। তবে এতে তাদের অবস্থার উন্নতি না হয়ে বরং ভোর সাড়ে ৪টার দিকে দুজনই একে একে মারা যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নবকুমারের বাবার নাম কেষ্টপদ দাস। এক মাস আগে কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের গোবিন্দ দাসের মেয়ে শান্ত রানীর সঙ্গে ছেলের বিয়ে দেন কেষ্টপদ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। কোটচাঁদপুর থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মর্মান্তিক ঘটনাটি আমরা শুনেছি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯০৩ ঘ.