সিরাজগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের নির্বাচনের পর সিরাজগঞ্জে স্কুল ছাত্রী পূর্ণিমা রাণী শীলকে গণধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলতাফ হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার প্রথম প্রহরে উল্লাপাড়া উপজেলার উলিপুর গ্রাম থেকে আলতাফকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তিনি বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের লাল চাঁদের ছেলে।
২০০১ সালে নির্বাচনের পর দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু ও ভিন্ন রাজনৈতিক মতের মানুষের ওপর যে নির্যাতন চালানো হয়, তারই অংশ হিসেবে নির্যাতনের শিকার হয় অষ্টম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০১ সালে নির্বাচনের পর বিএনপি সমর্থিত একদল যুবক পূর্ণিমাকে গণধর্ষণ করে।"
চলতি বছরের ৪ মে আদালত এ মামলার রায়ে ছয় জনের উপস্থিতিতে অভিযুক্ত ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ঘটনার পর থেকে আলতাফ পলাতক ছিল।
এসআই জানান, দুপুরে আলতাফকে আদালতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬০৮ ঘ.
bdnews24