২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর তিন জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 08:00 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর তিন জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরীর লালদীঘির পাড়ে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী ফারুক হোসেনের (৪০) মৃত্যু হয়। একটি বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসের চালক ফারুক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল স্টাফ কোর্য়াটার সংলগ্ন গোয়াছি বাগান এলাকার প্রয়াত জহির ফকিরের ছেলে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লালদীঘির পাড়ে সোনালী ব্যাংকের সামনে ফারুক হোসেনের মটর সাইকেলের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় ফারুককে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওদিকে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত (তৃতীয় কর্ণফুলী সেতু) সেতু এলাকায় একটি যাত্রীবাহী টেম্পুকে একটি ট্রাক ধাক্কা দিলে টেম্পুর তিন যাত্রী আহত হয়। আহতরা হলেন- আব্দুল হাকিম (৫২), সুমন (২৪) ও আবুল বাশার (৩৮)। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আব্দুল হাকিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। আহতরা সবাই পটিয়া থানার বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/আরএ/১৩৫৪ ঘ.