২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এএসপিসহ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ঢাকা মহানগর পুলিশের ওয়ারি অঞ্চলের সহকারী কমিশনার রুহুল আমিন এবং সূত্রাপুর থানার দুই উপপরিদর্শকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 06:04 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশের ওয়ারি অঞ্চলের সহকারী কমিশনার রুহুল আমিন এবং সূত্রাপুর থানার দুই উপপরিদর্শকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেছেন যাত্রাবাড়ীর মীর হাজারীবাগের মো. হাসান আহম্মেদ। মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান বাদির জবানবন্দি গ্রহণ করে আগামী ৩১ জুলাই এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেন। বাদির আইনজীবী মো. মশিহুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে একটি পক্ষকে তিন পুলিশ কর্মকর্তা সহায়তা করছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আসামি অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন- উপপরিদর্শক রবিউল ইসলাম ও মাকসুদা মনি। সম্পত্তির দাবিদার সাবাতানি ইসলাম ম্মৃতিকে মামলার ১ নম্বর আসামি করা হয়েছে। আরজিতে বলা হয়, বাদির ভাই সাইফুদ্দিন আহমেদ ১৯৭২ সালে তরুণ বয়সে দুষ্কৃতকারীর হাতে নিহত হন। নারিন্দার বাসিন্দা স্মৃতি নিজেকে সাইফুদ্দিনের ঔরসজাত দাবি করে বাদির পারিবারিক সম্পত্তির ভাগ চেয়ে আসছেন। সম্পত্তি না দিলে এক কোটি টাকা দিতে হবে বলে দাবি করছেন তিনি। টাকার দাবিতে স্মৃতি বাদিকে হুমকি-ধমকি দিয়ে আসছে অভিযোগ করে হাসান বলেন, এ কাজে তিন পুলিশ কর্মকর্তার সহায়তা পাচ্ছেন স্মৃতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/আরএ/১৮৪৩ ঘ.