২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে বাস চলছে না

ধর্মঘটের কারণে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 05:54 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

কিশোরগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মঘটের কারণে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। সড়ক সংস্কারের দাবিতে সোমবার দুপুর থেকে বাস মালিক সমিতির ডাকে ওই ধর্মঘট চলছে। পরে শ্রমিক ইউনিয়নও এতে সমর্থন দেয়। হঠাৎ করে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। কিশোরগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, ৬৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ২০০৭ সালে সংস্কার কাজ শুরু হয়। কিন্তু এতদিন হলেও সে কাজে কোনো গতি না থাকায় বাধ্য হয়ে এ কর্মসূচি দেওয়া হয়েছে। ময়মনসিংহ পরিবহন মালিক সমিতিও এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বলে ওয়াদুদ জানান। এ বিষয়ে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "যোগাযোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দুটি প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের কাজ চলছে। কাজ শেষ হতে দেরির কারণ জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১১৪৪ ঘ.