চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব উদ্যোগে ভবন নির্মাণ করে চট্টগ্রমের বাটালি হিল সংলগ্ন এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী দুই শ' পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করবে সিটি করপোরেশন।
সোমবার বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ত্রয়োদশ সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন, মেয়র মনজুর আলম।
কর্পোরেশনের প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তাসহ বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, এই পুনর্বাসন কজের জন্য টাইগার পাস এলাকায় সিটি করপোরেশনের মালিকানাধীন ১৫ গণ্ডা জমিতে একটি সাততলা ভবন নির্মাণ করা হবে। ওই এলাকায় বসবাসকারী প্রত্যেক পরিবার কম দামে ২৫০ বর্গফুটের একটি করে ফ্ল্যাট পাবে।
এসব ফ্ল্যাটে একটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি টয়লেট থাকবে। ১৫ বছর মেয়াদে মাসিক কিস্তিতে দাম পরিশোধের সুযোগ পাবে তারা।
সিসিসির জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে টাইগার পাস এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ২০০ পরিবারের তালিকা করে তাদের সরে যেতে নোটিশ দেওয়া হয়েছে।
গত ১ জুলাই বাটালি হিলের প্রতিরক্ষা (রিটেইনিং) দেওয়াল ধসে ১৭ জনের মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে পুনর্বাসনের এই সিদ্ধান্ত নিলো সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
এর আগে ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে পাহাড় ধসে ১২৮ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি একে 'মানবসৃষ্ট বিপর্যয়' হিসেবে চিহ্নিত করে এবং ওই গণমৃত্যুর জন্য পাহাড় দখলকারী প্রভাবশালী ভূমিদস্যুদের এবং পাহাড়ে নিু আয়ের মানুষের ঝুঁকিপূর্ণ বসবাসকে দায়ী করে। পরের বছর লালখান বাজারের মতিঝর্ণায় মাটি চাপা পড়ে মারা যান ১১ জন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, নগরীর ১২টি পাহাড়ে প্রায় সাত হাজার পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০১১৮ ঘ.
bdnews24