রাজশাহী, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরী থেকে হিজবুত তাওহীদের জেলা আমিরসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে নগরীর তালাইমারী এলাকা থেকে বেশকিছু জিহাদি বইসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন জেলা আমির নগরীর মোন্নাফের মোড়ের মিজানুর রহমান মিন্টু, বোসপাড়ার আজিজুল হক, তালাইমারীর তোতা শেখ, দড়িখরবোনার আবদুল আহসান ও পাঠানপাড়ার মুনিরুজ্জামান।
র্যাব-৫ এর অপারেশন অফিসার নুর মোহাম্মদ সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের সময় হিজবুত তাওহীদের জেলা আমিরসহ এই পাঁচজন তালাইমারী এলাকায় একটি বাড়িতে বৈঠক করছিল।
জিজ্ঞাসাবাদে তারা হিজবুত তাওহীদের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মতিহার থানায় সোপর্দ করা হয়।
মতিহার থানার ওসি আকবর আলী জানান, তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৪ ঘ.
bdnews24