২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে সাম্প্রতিক হত্যা তদন্তে ভারতকে আহ্বান

বাংলাদেশ সীমান্তে বিএসএফ'র বিরুদ্ধে হত্যা নির্যাতন ও নিপীড়নের নতুন অভিযোগ তদন্তে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সীমান্তে বিএসএফ'র বিরুদ্ধে হত্যা নির্যাতন ও নিপীড়নের নতুন অভিযোগ তদন্তে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সোমবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের সঙ্গে সীমান্তে নিপীড়নের ঘটনায় দীর্ঘদিন ধরে চলতে থাকা দায়মুক্তির অবসান ঘটাতে যাদের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে তাদের বিচারের আওতায় আনা উচিত। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এ বিবৃতির শিরোনাম 'ভারত: বাংলাদেশ সীমান্তে নতুন হত্যাকাণ্ড, নির্যাতন'। এর উপ-শিরোনাম 'দিল্লির নতুন নির্দেশনায়ও কমছে না নিপীড়ন'। বিবৃতিতে বলা হয়, 'মানবাধিকার বজায় রাখতে ভারতের নিশ্চয়তা সত্ত্বেও নতুন কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।' বাংলাদেশ সীমান্তে বিএসএফ'র হত্যাকাণ্ড, যথেচ্ছা আটক, নির্যাতন এবং নানারকম অসদাচরণের ঘটনা তুলে ধরে ২০১০ সালে 'ট্রিগার হ্যাপি' শিরোনামে একটি প্রতিবেদনের ধারাবাহিকতায় ভারতকে আবারও নিপীড়ন বন্ধের এ আহ্বান জানালো এইচআরডব্লিউ। মানবাধিকার সংস্থাটি এমন এক সময়ে ভারতকে এ আহ্বান জানাল যখন ভারতের ক্ষমতাসীন জোটের নেতা এবং কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী অটিজম বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ২৪ ঘণ্টার সফরে রোববার ঢাকায় এসেছেন। এইচআরডব্লিউ'র বিবৃতিতে বলা হয়, কয়েক দশক ধরেই বিএসএফ'র হাতে বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এ বিষয়ে তাদের ওই প্রতিবেদন প্রকাশের কিছুদিন পরই ভারতীয় কর্তৃপক্ষ এইসব হত্যাকাণ্ড বন্ধ হবে বলে বাংলাদেশি কর্মকর্তাদের আশ্বস্ত করেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। ভারত সরকার ঘোষণা দেয়, সীমান্তে সংযমের জন্য বিএসএফকে নির্দেশ দেওয়া হবে এবং শক্তিশালী মারণাস্ত্রের বদলে রাবার বুলেট ব্যবহারে উৎসাহিত করা হবে। মানবাধিকার গ্র"পগুলো ভারতের এ পদক্ষেপকে স্বাগত জানায়। এইচআরডব্লিউ জানায়, স্থানীয় মানবাধিকার গ্র"পগুলো বিএসএফ'র বেধড়ক পিটুনি এবং অন্যান্য নিপীড়নে অনেক মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেছে। বাংলাদেশ-ভারত সীমান্তে গুলিতে মৃত্যুর সংখ্যা ২০১১ সালে উল্লেখযোগ্য হারে কমলেও বাংলাদেশি বেসরকারি সংস্থা 'অধিকার' এ বছরের জানুয়ারি থেকে বিএসএফ'র হাতে অন্তত ১৭ জন বাংলাদেশির মৃত্যু এবং অন্যান্য নিপীড়নের অভিযোগ নথিভুক্ত করেছে বলে এইচআরডব্লিউ'র বিবৃতিতে উল্লেখ করা হয়। সংস্থাটির দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙুলী বলেন, "হত্যা ও নিপীড়ন বন্ধ করতে এবং সীমান্ত পারাপারকারীদের সঙ্গে সংযমী আচরণের চর্চা করতে নয়া দিল্লিও নির্দেশ সত্ত্বেও নতুন মৃত্যু এবং অন্যান্য গুরুতর নিপীড়নের খবর পাওয়া গেছে।" ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে মীনাক্ষী বলেন, "সরকার ইতিবাচক কিছু নতুন নির্দেশনা দিয়েছে। কিন্তু তাদের উচিত যারা নিপীড়ন করছে তাদের বিচার করা, যাতে সেনারা এটা অনুধাবন করে যে, তারা দায়মুক্তি পাবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেআর/এএমটি/১৯৫২ ঘ.