২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টার সফর শেষে সোনিয়ার ঢাকা ত্যাগ

বাংলাদেশে ২৪ ঘণ্টার সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 04:36 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ২৪ ঘণ্টার সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনিয়া গান্ধীকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৯টা ২০ মিনিটে ভারতের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বিমানবন্দরে সোনিয়া গান্ধীকে বিদায় জানান। অটিজম নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে রোববার রাতে ঢাকা পৌঁছান সোনিয়া। সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান তিনি। বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত অটিজম সম্মেলনে যোগ দেন ভারতের ক্ষমতাসীন জোট ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের প্রধান সোনিয়া। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদানের জন্য সন্ধ্যায় বঙ্গভবনে এক অনুষ্ঠানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্বাধীনতা সম্মাননা দেওয়া হয়। প্রয়াত ইন্দিরার পক্ষে তার পুত্রবধূ সোনিয়া রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন এ সময়। অনুষ্ঠানে সোনিয়া বলেন, "ইন্দিরা গান্ধীর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা নিতে পেরে আমি গর্বিত। এই সম্মাননা তার একার নয়, সমগ্র ভারতের।" আগামী সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের আগে সোনিয়ার এই সফরকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোনিয়া সরকারের কোনো পদে না থাকলেও তার নির্দেশনা সেখানে যথেষ্ট গুরুত্ব বহন করে বলেই বিশ্লেষকদের ধারণা। জন্মসূত্রে ইতালির নাগরিক সোনিয়া ইন্দিরার ছেলে রাজিব গান্ধীকে বিয়ে করে বৈবাহিত সূত্রে ভারতীয় হন। বোমাহামলায় রাজিবের মৃত্যুর পর তিনি হাল ধরেন উপমহাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল ভারতীয় কংগ্রেসের। জন্ম ভারতে না হওয়ায় বিরোধী দলের আপত্তির মুখে প্রধানমন্ত্রী হননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২২২৩ ঘ.