২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুতা চুরির অভিযোগে চট্টগ্রামে ৪ জন গ্রেপ্তার

তৈরি পোশাক কারখানার জন্য বিদেশ থেকে আনা আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যমানের সুতা চুরির ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক কারখানার জন্য বিদেশ থেকে আনা আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যমানের সুতা চুরির ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মো. মজিবুর রহমান মজিব (৩২), উৎপল কুমার চৌধুরী (৩২), মো. মোমেন (২৬) ও মো. হারুনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে হারুন চোরাই সুতার ক্রেতা বলে সোমবার বিকালে মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) প্রকৌশলী মো. হাছান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়ুথ গার্মেন্টস লিমিটেড নামের টাঙ্গাইলের একটি প্রতিষ্ঠানের জন্য ১৬৬ কার্টুন আমদানি করা সুতা চট্টগ্রাম বন্দর থেকে ট্রাকযোগে (চট্টমেট্রো ট- ১১- ১৬৭৬) নিয়ে যাওয়ার সময় গত ২০ জুলাই তা চুরি হয়। এ ঘটনায় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো রফিকুল মাওলা ঘটনার দিন নগরীর বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। এসি হাছান চৌধুরী জানান, রোববার রাতে পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেইট এলাকা থেকে মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পতেঙ্গা থেকে উৎপলকে, নিউমার্কেট থেকে মোমেনকে ও কোতোয়ালি এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে তারা বগুড়া জেলার শান্তাহারে সুতা বিক্রি করে দিয়েছেন। সুতা উদ্ধারে পুলিশের একটি দল চট্টগ্রাম শহরের বাইরে অভিযান চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২১১৯ ঘ.