বাগেরহাট, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট বাজারে সোমবার দুপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বিভিন্ন অভিযোগে একটি বেকারী ও তিনটি দোকানকে সাড়ে তের হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে হয়রানিমূলক দাবি করে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মিছিল করেছে। ফলে দুপুর ১টা থেকে একঘণ্টা দোকানপাট বন্ধ ছিল।
পরে বাগেরহাট শিল্প ও বণিক সমিতির হস্তক্ষেপে দোকানপাট খুলে দেন ব্যবসায়ীরা।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এই আদালত খোকন সাহার মুদী দোকানকে সাত হাজার টাকা, অসীম সাহা ও পরিমল সাহার মিষ্টির দোকানকে দেড় হাজার টাকা এবং শহরের সরুই এলাকার আল আমিন বেকারির মালিক মারজান আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে।
অভিযানে বিএসটিআই কর্মকর্তারাও ছিলেন। র্যাবের একটি দল তাদের সহায়তা দেয়।
ইউএনও মো. শফিকুল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার এবং বিএসটিআই'র অনুমোদন ছাড়া পণ্য বিক্রির অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তাদের উপস্থিতি টের পেয়ে কিছু দোকানদার দোকান বন্ধ করে চলে যান।
বাগেরাহট শিল্প ও বণিক সমিতির সভাপতি এমদাদ আলী পাইক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দুপুর দেড়টার দিকে একটি মিছিল বের করেছিল। তবে বণিক সমিতির নেতাদের হস্তক্ষেপে তারা মিছিল বন্ধ করে এবং দোকান খুলে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24