২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে আঘাত লাগতে পারতো, তাই ...

আরেকটু হলেই গাড়িতে আঘাত লাগতো- এ অভিযোগে বাসচালককে বেদম পিটুনি দিয়েছেন তিন যুবক। যুবকরা নিজেদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরেকটু হলেই গাড়িতে আঘাত লাগতো- এ অভিযোগে বাসচালককে বেদম পিটুনি দিয়েছেন তিন যুবক। যুবকরা নিজেদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছে। এ ঘটনায় বাসের যাত্রীরা উত্তেজিত হয়ে পড়লে ট্রাফিক সার্জেন্টের সহায়তায় সরে পড়েন ওই তিন যুবক। সোমবার বিকাল ৩টার দিকে গুলিস্তান থেকে আবদুল্লাপুরগামী ৩ নম্বর রুটের একটি বাস হাইকোর্টের সামনে পৌঁছায়। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ৫৩-৪১৬৯) পাশ কাটিয়ে এগিয়ে এসে বাসটির গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই লাঠি হাতে তিন যুবক বাসে ঢুকে চালক মো. রাসেলকে বেদম মারধর শুরু করেন। পিটুনির সময় যুবকরা জানায়, একটুর জন্য তাদের মাইক্রোবাসে বাসটির আঘাত লাগেনি, অল্পের জন্য তারা বেঁচে গেছেন। 'আমার স্যারের নাম তানহা' তিন যুবকের কাছে পরিচয় জানতে চাইলে তারা জানান, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে তারা চাকরি করেন। একজন নিজেকে মাইক্রোবাসের চালক পরিচয় দিয়ে বলেন, আমার স্যারের নাম তানহা। মারধরের এক পর্যায়ে যাত্রীরা মারমুখী হয়ে উঠলে জাহাঙ্গীর নামে এক ট্রাফিক সার্জেন্ট এসে পরিস্থিতি শান্ত করেন। পরে ওই তিন যুুবক মাইক্রোবাস নিয়ে চলে যায়। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের তথ্য কর্মকর্তা আহসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলে ওনারা ছোট মানুষ তো তাই অনেক কিছু বুঝতে পারে না।" মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. মমিনুল হককে বিষয়টি অবহিত করে 'তানহা' বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, " কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে তানহা নামে একজন কর্মকর্তা রয়েছেন।" 'আমি তো ভেবেছি গণধোলাই' তিন যুবককে ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, "কেন, চালককে কারা মেরেছে! আমি তো ভেবেছি চালককে জনতা গণধোলাই দিয়েছে।" ওই বাসের একজন নারী যাত্রী অভিযোগ করেন, যুবকদের লাঠিতে তিনি আঘাত পেয়েছেন। "আমি বাসের সামনেই ছিলাম। বুঝতে পারছি না চালক কী অপরাধ করেছে। অথচ তাকে বেদম মারধর করা হলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/১৮৪৪ ঘ.