ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল থেকে জঙ্গি সন্দেহে দুই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিয়েছে কর্তৃপক্ষ।
তারা হলেন- আরবি বিভাগের প্রথম বর্ষের জিহাদুল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের একই বর্ষের আব্দুল মান্নান বাপ্পি।
রোববার রাত আড়াইটার দিকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ বায়তুল্লাহ কাদরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে জিহাদুল এবং বাপ্পিসহ আরো কয়েকজন ছাত্র হলের ছাদে বসে বৈঠক করছিলো। বিষয়টি টের পেয়ে হলের অন্য ছাত্ররা বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে জিহাদুল ও বাপ্পিকে থানায় নিয়ে যায়।
ছাত্রলীগের মাধ্যমে হলে উঠলেও এরা জঙ্গি সংগঠনের সদস্য বলে এদের কর্মকাণ্ডে মনে হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮২৯ ঘ.
bdnews24